বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রগামী ট্রলারগুলোর জন্য জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) বেলা ১১টায় উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলেদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।
কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর যৌথ উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ কার্যক্রমটি ওশান গ্র্যান্টস প্রোগ্রাম, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড সংস্থা ‘উত্তরণ’-এর সার্বিক তত্ত্বাবধানে ও ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা এবং তালতলী উপজেলা নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল ফরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন বলেন, “তালতলী উপজেলার জেলেরা জীবনের প্রচণ্ড ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ সংগ্রহ করতে যান। সিবিডিপি ও সিএনআরএস-এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে আজ যে জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো বিতরণ করা হলো, তা জেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা এড়াতে সমুদ্রে যাওয়ার সময় এই সরঞ্জামগুলো যথাযথভাবে ব্যবহারের জন্য আমি সকল জেলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিশেষ অতিথি মোঃ গোলাম মাওলা তার বক্তব্যে বলেন, “সঠিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের অভাবে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার করলে সমুদ্রে জীবনহানির ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যার ফলে জেলেদের জীবনমানেরও সার্বিক উন্নয়ন ঘটবে।”
সিবিডিপি-এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম জানান, উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যান, কিন্তু অনেক ট্রলারে ন্যূনতম নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ঝড়-জলোচ্ছ্বাসে প্রায়ই দুর্ঘটনা বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এই বিষয়টি বিবেচনায় রেখে জেলেদের লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, টুলবক্স, ফার্স্ট এইড বক্স, রেডিও এবং পাওয়ার ব্যাংকসহ মোট ১৪ ধরনের জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রদান করা হয়েছে। তিনি জেলেদের নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এসব সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণ ও সবসময় ব্যবহারের অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান ও মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর চিনেউ এবং সিবিডিপি এর ফিল্ড ফ্যাসিলিটেটর মোসাঃ বিথী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের সদস্যরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।