নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঠারোগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিব গাজীর জামাতা আলামিন প্রতিবেশী ফয়সালের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। দীর্ঘ দিন ধরে ওই টাকা পরিশোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন ও বাগবিতণ্ডা চলছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে এই পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে ফয়সাল ও তার মামা স্বপনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে আলামিনের শ্বশুর হাবিব গাজীর বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন, হাবিব গাজী,হাবিবের চাচাতো ভাই আনোয়ার গাজী, হাবিবের বোন,হেমেলা বেগম এবং হাবিবের জামাতা পাওনাদার আলামিন। আহতদের স্বজন সোহরাব হোসেন জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই তাণ্ডব চালিয়েছে। দুর্বৃত্তদের কোপে হেমেলা বেগমের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
অন্যদিকে হাবিব গাজীর নাকের হাড় ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। আহতদের প্রথমে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
হাবিব গাজীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে।
হামলায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা শফিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আমতলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।