সাম্প্রতিক খবর
নিজস্ব প্রতিবেদক : বরিশালে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর খামারবাড়ি চত্বরে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, এডিডি (উদ্যান) মো. শহিদুল ইসলাম, এডিডি (পিপি) মো. মামুনুর রহমান, বরিশাল সদর উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুনসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “মেলা শুধু দেখার বিষয় নয়, এখান থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষি মেলায় প্রদর্শিত উন্নত জাত, প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানা যায়, যা মাঠপর্যায়ে প্রয়োগ করলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।”
তিনি আরও বলেন, “আমরা একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শস্যভাণ্ডার থাকবে ভরপুর। কৃষিবিদ ও কৃষকের সম্মিলিত মেধা ও শ্রমের মাধ্যমেই এটি সম্ভব। কৃষকরা কঠোর পরিশ্রম করেন—রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেন। তাই তাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যেমন কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি।”
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষক-কৃষাণীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করছে। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে এখানে কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনও করা হচ্ছে, যা মেলার অন্যতম আকর্ষণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।