মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে ইউপি সদস্য শাহিন মৃধা ও জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহিন মৃধা ও জাহাঙ্গীর হাওলাদার জাল কাগজপত্র তৈরি করে ধানখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি বন্দোবস্ত নিয়েছেন এবং ভুক্তভোগীদের রেকর্ডীয় জমি দখল করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করা হলে ভূমি সহকারী কর্মকর্তাকে দিয়ে তদন্ত করা হয়। তদন্তে কয়েকটি বন্দোবস্তের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জমিতে লাল নিশান টানানো হলেও তা অমান্য করে অভিযুক্তরা জমি চাষাবাদ করছেন। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মাতুব্বর, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মৃধা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মৃধাসহ ভুক্তভোগী পরিবারের সদস্য রহিম সিকদার, রাজা সিকদার, মিজানুর রহমান ও আকলিমা বেগম।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মৃধা। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং রহিম সিকদার তাঁর জমি বিএস রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য হিসেবে কিছু জমি দখলে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন শাহিন মৃধা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।