মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলায় ঈদুল আযহার ছুটির মধ্যে ঘটে গেল বিভিন্ন দুর্যোগসহ বিভিন্ন অনুষ্ঠান। কালবৈশাখী ঝড়: গত ২৭মে গত বুধবার কালবৈশাখী ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ায় এবং কিছু স্থানে খুঁটি ও ইনসুলেটর ভেঙে যাওয়ায় সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দেয়। এতে গাছপালা, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ছয় ইউনিয়নে ৩দিন ধরে বিদুৎ সরবাহ বন্ধ ছিল:
কালবৈশাখী ঝড়ের কারণে ২৭মে বুধবার সকাল ৯টা থেকে শুক্রবার ২৯ মে সকাল ১০টা পর্যন্ত উপজেলার সফিপুর, বাটামারা, নাজিরপুর, গাছুয়া, চরকালেখান ও মুলাদী সদর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেকে বৃহস্পতিবার কুরবানি দেননি। মাংস সংরক্ষণের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় ৫০ শতাংশ মানুষ শুক্রবার পশু কুরবানি দিয়েছে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন জানান, পর্যাপ্ত জনবল না থাকায় গাছের ডালপালা অপসারণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারে সময় লাগছে। এ সময়ে ৬ ইউনিয়নের প্রায় লক্ষাধীক লোক ৩দিন ধরে বিদ্যুৎ ভোগান্তিতে ছিলো।
সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু:
গত ২৯মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিফাত (১৪) বাটামারা ইউনিয়নের লক্ষ্মীরহাট সংলগ্ন ঝুঁকিপূর্ণ ৩০০ ফুট সাঁকো পারাপারের সময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন। গত ৩০ মে শনিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীরহাট সংলগ্ন খালের ৩০০ ফুট সাকোঁ এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। কিশোর সিফাত হোসেন এর লাশ ফায়ার সার্ভিস ডুবুরীরা উদ্ধার করেছেন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সিফাত হোসেন উপজেলার বাটামারা ইউনিয়নের চরসাহেবরামপুর গ্রামের আজিজুল সরদারের ছেলে। মা মারা যাওয়ার পরে তার বাবা ২য় বিয়ে করায় তিনি লক্ষ্মীরহাটে রুবেল হোসেনের ফার্নিচারের দোকানে কাজ করতেন।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সজিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সাঁকো পারাপারের সময় সিফাত পিছলে খালে পড়ে যান। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা খালের মধ্যে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের একদল ডুবুরী শনিবার ৯টার দিকে সিফাতের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, সাঁকো থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
ফ্রি মেডিকেল টিম:
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে গতকাল ৩০মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও ঘোষেরচর দাখিল মাদ্রাসায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে মেডিসিন বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ১ হাজার রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মু. আব্দুল্লাহ আহাদ ভূইয়া বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন। এর আগেও আমরা দুটি ফ্রি চক্ষু ও মেডিসিন ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছি। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সম্প্রতি ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।” স্থানীয় সুধী মহল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
জামায়াতের ঈদ পুনর্মিলনী:
মুলাদী পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ৩১মে রবিবার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আ: জব্বার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও: আবু ছালেহ। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: ডা: মোরশেদ আলম, মুলাদী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মো: ইব্রাহীম হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।