মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জিসান, রাব্বি (১৮) ও আবির (১৬) একটি মোটরসাইকেলে করে লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী এবং পথচারী মিম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে। আহত অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।