নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর দেখে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের এক শিক্ষার্থী।
রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট এলাকায় দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন তাওহীদ ইসলাম। পরে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে নিজেদের সমর্থক হিসেবে বরণ করে নেন। তাওহীদ ইসলাম বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ার ঘটনায় আমি মর্মাহত। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থক পরিচয়ে ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে। এসব কারণে আমার বান্ধবীরাও আমাকে নানা কথা বলে। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেছি এবং আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করার পাশাপাশি শপথবাক্য পাঠের মাধ্যমে তাওহীদ ইসলাম ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা তাকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছি।’ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে কৌতূহলের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই বিষয়টিকে ফুটবল সমর্থকদের মধ্যে মজার এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।