রবিবার, জুন ২১, ২০২৬

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপর আওয়ামী লীগের নেতাকর্মীরা

ফাহিম ফিরোজ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বরিশালে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেও বিভিন্ন এলাকায় গোপনে মিছিল-মিটিং ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সক্রিয়তার জানান দিচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ২১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৯ জুন বরিশাল মহানগরীর চারটি থানা এলাকায় পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে মোট ৭৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

১৮ জুন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৭ নম্বর রুপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, কাউনিয়া এলাকার মেহেদী হাসান মিলন, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য রাতুল হাং, বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডের জয় মালী, ধান গবেষণা এলাকার সিরাজুল ইসলাম রাব্বি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যকরী সদস্য জনি হাওলাদার, একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি খান, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, মহানগর আওয়ামী লীগের সদস্য পলাশ হাওলাদার, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব সোহেল বিশ্বাস এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন শাহীন।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তথ্য অনুযায়ী, ১৯ জুন পরিচালিত বিশেষ অভিযানে চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৭ জনকে আটক করে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন, নিয়মিত মামলায় ৫৭ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জন এবং অন্যান্য আইনে ১ জন রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাই।”

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান নগরজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর থাকবে সবার।

আরো পড়ুন

লালমোহনে রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ট্রেড ইউনিয়নের সাংগঠনিক ও দাওয়াতী পক্ষ উপলক্ষে উপজেলা রিক্সা শ্রমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *