নিজস্ব প্রতিবেদক : শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতাকে অবৈধভাবে পদচ্যুত করা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের বিরুদ্ধে। নির্বাচিত শ্রমিক নেতাকে সরিয়ে নিজের শ্যালককে বসিয়ে বাস টার্মিনালের কর্তৃত্ব দখলে নেন তিনি।
এমন অভিযোগে শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবুল কালাম চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে পদচ্যুত করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ না করে এবং মিথ্যা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। তার স্থানে জিয়া সিকদারের শ্যালক সোহাগ হাওলাদারকে বসিয়েছেন, যদিও তিনি শ্রমিক নন।
পদ হারানোর পর চালকের চাকরিও হারাতে হয়েছে আবুল কালাম চৌধুরীকে। বর্তমানে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ ও আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, রূপাতলী বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের পরিবহন থেকে কমিশনের নামে ৮০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত চাঁদা তোলে বিএনপির সদস্য সচিব। প্রতিদিন যা প্রায় ২০ হাজার টাকারও বেশি। এছাড়া ঢাকা, কুয়াকাটা, বরগুনাসহ অন্যান্য রুটে চলাচলকারী পরিবহন থেকে বিপুল পরিমাণের চাঁদা তোলা হয়। এসব টাকা শ্রমিকদের কল্যাণে খরচের কথা থাকলেও এক টাকাও খরচ না করে নিজে আত্মসাৎ করেন জিয়া উদ্দিন সিকদার। জিয়া উদ্দিন সিকদারের কথা মত না চলায় বেশ কয়েকটি বাসকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
এমনকি বাস মালিক ও শ্রমিকদের মারধর, হয়রানি করেন বিএনপির এই নেতা বলে অভিযোগ করেন শ্রমিক নেতা কালাম চৌধুরী। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং নির্বাচিত সাধারণ সম্পাদকের পদ পুনর্বহালের দাবি জানান।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি বিধায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।