রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, জব্দ ডিভিআর বিশ্লেষণে শনাক্ত হবে কারবারিরা

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদী পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদককারবারের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একটি সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিভিআরের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার তিখাসার, টরকী চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গৌরনদী সার্কেলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদককারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাসা ও বিক্রয়স্থলে তল্লাশি চালানো হয়। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও তার ব্যবহৃত একটি সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা ডিভিআরের ফুটেজ ও সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে মাদককারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আইন অনুযায়ী অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদককারবারের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *