মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের ভালোবাসায় গাড়ি থেকে নেমে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাজধানীতে ফেরার পথে স্কুলশিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাদের হাতে ক্রীড়া সামগ্রীও তুলে দেন তিনি। সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়কের পাশে অবস্থান নেন। তাদের উপস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী গাড়িবহর থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে তিনি নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। পরে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি মোবাইল ফোন ও ক্যামেরায় ধারণ করেন। শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি তাদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন।

এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত।” এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে এসে সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে আগামী এক বছরের মধ্যে সারাদেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন। পরে বরিশাল নগরের ত্রিশ গুদামসংলগ্ন বধ্যভূমি এলাকার সাগরদী খালের দুই পাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ মোট সাড়ে তিনশ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা এবং খাল-নদীসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তারেক রহমানের প্রথম বরিশাল সফর। সফরজুড়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং সড়কের দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

আরো পড়ুন

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আযাদ আলাউদ্দীন।। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *