সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশব থেকেই সে তার মা সুর্বনা বেগমের সঙ্গে গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে নানা বাড়িতে বসবাস করে আসছিল। সে ওই আবাসিক মাদরাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গেরাকুল গ্রামের শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার একটি ভাড়া বাড়িতে গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফ খন্দকার মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে দুইজন নারী শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ১৫ জন ছাত্রী সেখানে আবাসিকভাবে লেখাপড়া করছে।
মাদরাসার একাধিক ছাত্রীর ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ দিয়ে ভেতরে তাকিয়ে তারা একজনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও দায়িত্বরত দুই নারী শিক্ষিকা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা জান্নাতুল ফেরদাউসকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিচে নামানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতের মা সুর্বনা বেগম বলেন, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। জান্নাতুল ওই মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করছিল।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন হবে না। তাই এ ঘটনায় সকলকে গুজব বা অনুমাননির্ভর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।