রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

কাশিপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুর এলাকার একটি পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আদালত অবমাননার (ভায়োলেশন) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মামলার বাদী আফসানা আহমেদ।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে কাশিপুর এলাকার বাসিন্দা মৃত অলি উদ্দিন আহম্মদের মেয়ে আফসানা আহমেদ বাদী হয়ে মৃত ছাবের আহম্মেদের ছেলে নুরুল আমিন বাবুল ও রফিকুল ইসলাম শাহিন, সামসুল হক বেপারীর মেয়ে ঋনা বেগম এবং মৃত তোতা মিয়ার ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলীয় পৈত্রিক ক্রয়সূত্রে ওয়ারিশি সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। গত ১৭ জুলাই সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে লোক নিয়ে ওই জমিতে প্রবেশের চেষ্টা করেন এবং জমির দখল নিয়ে রূপ পরিবর্তনের হুমকি দেন। বাধা দিলে বাদীকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অভিযুক্তরা চলে যান। তবে যাওয়ার সময়ও তারা জোরপূর্বক জমি দখলের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ডে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই শান্তি-শৃঙ্খলা রক্ষায় আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। মামলার শুনানি শেষে আদালত বিষয়টি আমলে নিয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সংশ্লিষ্ট জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের ওই নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি একাধিকবার এয়ারপোর্ট থানাকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাদী আফসানা আহমেদ বলেন, ” জোরপূর্বক স্থাপনা নির্মানের এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে বাটোয়ারা মোকদ্দমা নং-২৩৫/২০২১-এ আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যায়। পরে আমরা থানায় অভিযোগ করলেও কোনো প্রতিকার পাইনি। বাধ্য হয়ে আবার এডিএম আদালতে মামলা দায়ের করি। সেই মামলায়ও আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই আদেশও অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ চারিয়ে যাচ্ছেন আসামীরা। তাই এবার আদালত অবমাননার জন্য (ভায়োলেশন) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।”

 

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *