মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, র্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২১ জুলাই ২০২৬ তারিখে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। মামলাটি পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/ ৩০২/৩৪/১০৯/৫০৬ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার পান মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামসুল ইসলাম।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সামসুল ইসলামের নেতৃত্বে এবং র্যাব-১১-এর সহায়তায় সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালেক হাওলাদার নয়াকাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদার ও মৃত আয়শা বেগমের ছেলে। তাকে ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মহিপুর থানায় আনা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে ২৬ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।