বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর উপজেলায় আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে উপজেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসা শিক্ষকদের সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান, সদস্য সচিব আলহাজ মো. আহসান হাবিব সোহাগ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন, পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোস্তাকিম বিল্লাহ এবং ইসহাকাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।