রবিবার, আগস্ট ২, ২০২৬

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: মহিউদ্দিন

মনিরুল ইসলাম ইকরাম

ভোলার তজুমদ্দিনে মৃত শিক্ষকের ব্যাংক হিসাব থেকে দীর্ঘ ২০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মোঃ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মোঃ মহিউদ্দিন।
সম্প্রতি “রফিক সাদী” নামের একটি ফেসবুক পেজ এবং পরবর্তীতে কয়েকটি অনলাইন গণমাধ্যমে “২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে আলোচনায় জামায়াত নেতা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি এ দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে মোঃ মহিউদ্দিন বলেন, তার এমপিও ইনডেক্স নম্বর ৬০২৭৮২। নিয়োগের সময় তার ব্যাংক হিসাব নম্বর ছিল ৪৫৭৭। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ব্যাংক হিসাব পরিবর্তন হয়ে বর্তমানে ৮০৫ নম্বর হিসাবের মাধ্যমে তিনি গত ১৬ বছর ধরে বৈধভাবে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।
তিনি বলেন, সংবাদে যে ৪৬০৬ নম্বর ব্যাংক হিসাবের কথা উল্লেখ করা হয়েছে, ওই হিসাব থেকে তিনি কখনো কোনো বেতন-ভাতা উত্তোলন করেননি।
মোঃ মহিউদ্দিনের দাবি, মৃত মহিউদ্দিন এবং তার নাম একই হওয়ায় অতীতে অফিসিয়াল তথ্য সংরক্ষণের সময় একটি প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছিল। ওই জটিলতার কারণেই ভুলবশত তার এমপিও রেকর্ডে ৪৬০৬ নম্বর ব্যাংক হিসাব যুক্ত হয়।
তিনি আরও বলেন, ওই ভুল সংশোধনের জন্য ২০১১ সালে তৎকালীন মাদ্রাসা সুপারের আবেদনের ভিত্তিতে ভোলা জেলা শিক্ষা অফিসার মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে ব্যাংক হিসাব সংশোধনের সুপারিশ করেন। সরকারি নথিতে ৪৬০৬ নম্বর হিসাবকে ভুল এবং ৪৫৭৭ নম্বর হিসাবকে তার সঠিক হিসাব হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি ছিল একটি প্রশাসনিক রেকর্ড সংশোধনের বিষয়; এর সঙ্গে কোনো ধরনের জালিয়াতির সম্পর্ক নেই।
তিনি বলেন, মৃত ব্যক্তির ব্যাংক হিসাব থেকে অন্য কোনো ব্যক্তি দীর্ঘদিন বেতন উত্তোলন করার কোনো সরকারি বা অফিসিয়াল প্রক্রিয়া নেই। ফলে “মৃত শিক্ষকের হিসাব থেকে ২০ বছর ধরে বেতন উত্তোলন”—এমন অভিযোগ বাস্তবতা ও সরকারি নথির সঙ্গে সাংঘর্ষিক এবং সম্পূর্ণ বানোয়াট।
মোঃ মহিউদ্দিন অভিযোগ করেন, তার ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।
তিনি মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভুল তথ্য সংশোধন করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *