খান আব্বাস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া একটি শিশুকে তিন ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা। রোববার (২ আগস্ট) সকালে হাসপাতালের মেডিসিন ভবন থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে আনসার বাহিনীর তৎপরতায় পুরনো একটি ভবনের দ্বিতীয় তলা থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হাসপাতাল ও আনসার সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুরিরচর গ্রামের বাসিন্দা আব্দুল রহিম তার পরিবার নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল সাড়ে ৯টা দিকে মেডিসিন ভবনের চারতলা থেকে তাদের শিশু সন্তানটি হুট করেই নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েন।
পরে শিশুটির মা-বাবা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) নাগর আলীর কাছে বিষয়টি জানান এবং সাহায্য প্রার্থনা করেন। ঘটনা জানার পরপরই পিসি নাগর আলীর নেতৃত্বে আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টা টানা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে হাসপাতালের একটি পুরনো ভবনের দ্বিতীয় তলা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকাজে মূল ভূমিকা পালন করেন পিসি নাগর আলী ও আনসার সদস্য ফারুক ও মাহামুদ।
সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা আব্দুল রহিম ও তার স্ত্রী। আনসার বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, তাদের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার কারণেই আজকে তারা সন্তানকে নিরাপদে ফিরে পেয়েছেন।
এ বিষয়ে আনসার বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা নাগর আলী জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। শিশুটিকে সহিসালামতে স্বজনদের হাতে তুলে দিতে পেরে তারাও আনন্দিত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।