ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে আব্দুল জব্বার তালুকদার (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার এস.আই মো. সেলিম।
রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ৮ নং সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল জব্বার তালুকদার সাগরকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তিনি দেনার দায়ে ঋণগ্রস্ত ছিলেন। রবিবার সকালে বাড়ির পেছনে একটি জাম্বুরা গাছের সঙ্গে নাইলনের মোটা রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।