মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, তিন লাখাধিক টাকার স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরের দল। চেতনানাশক স্প্রের প্রভাবে পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বাড়ির বৃদ্ধা মায়ের জ্ঞান ফিরতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন স্বজনেরা।
রোববার (৯ আগস্ট) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ধান ব্যবসায়ী আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলম খান জানান, রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরের দল বাড়ির দোতলার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতর চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও জানান, সকালে ঘুম থেকে ওঠার পর পরিবারের সদস্যরা নিজেদের স্বাভাবিক অবস্থায় ছিলেন না। চেতনানাশক স্প্রের প্রভাবে তাঁদের মাথা ঘোরা ও অচেতনভাব ছিল। বিশেষ করে তাঁর বৃদ্ধা মায়ের জ্ঞান ফিরতে অনেকটা সময় লেগেছে।
স্থানীয় বাসিন্দা জসিম আকন বলেন, “আমরা এখন এলাকায় চোর আতঙ্কে আছি। কয়েক দিন আগেও পাশের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এরপর আলম খানের বাড়িতে এমন চুরি হওয়ায় আমরা উদ্বিগ্ন। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চোর আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করে দ্রুত জড়িতদের শনাক্ত করা হোক।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।