বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার গ্রেপ্তার

জাকির ফরাজীঃ বরিশালের আগৈলঝাড়ায় চাঞ্চল্যকর জহিরুল শিকদার হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদারকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব। ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে নেত্রকোনার দুর্গাপুরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৮ জুলাই) রাতে র‌্যাব-৮ বরিশাল, র‌্যাব-১ গাজীপুর, র‌্যাব-৩ মগবাজার এবং র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি যৌথ দল অভিযান চালিয়ে সেন্টু শিকদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেন্টু শিকদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল এলাকার মৃত আনিস শিকদারের ছেলে।
র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১ জুলাই জহিরুল শিকদারকে মারধর করা হয়। পরে একই রাতে তাকে ডেকে পশ্চিম গোয়াইল মসজিদের দক্ষিণ পাশের পাকা রাস্তায় নিয়ে আসা হয়। সেখানে সেন্টু শিকদারসহ কয়েকজন মিলে জহিরুলকে মারধর করেন। একপর্যায়ে সেন্টু শিকদার লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জহিরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন।
র‌্যাব-৮ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি সেন্টু শিকদার আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করেন। একপর্যায়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেন্টু শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো পড়ুন

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *