বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বরিশালে বিশিষ্ট সমাজসেবী রফিকুল আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন সংগঠন ‘রিচ টু আনরিচড (রান)’–এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সম্পাদক, বেলার নেটওয়ার্ক সদস্য এবং বরিশাল বিভাগীয় ও জেলা নদী কমিটির সদস্য, বিশিষ্ট পরিবেশকর্মী মো. রফিকুল আলম আর নেই। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে বরিশালের সামাজিক, পরিবেশ ও নাগরিক আন্দোলনের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে সমাজসেবা, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন রফিকুল আলম।

রফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সদর-৫ আসন থেকে সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

শোকবার্তায় তিনি বলেন, বরিশাল ‘সুজন’-এর সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী রফিকুল আলমের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

এদিকে রফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোকবার্তায় প্রশাসক বলেন, সমাজসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং বরিশাল অঞ্চলের সার্বিক উন্নয়নে রফিকুল আলমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বরিশালবাসী একজন নিবেদিতপ্রাণ ও গুণী সমাজসেবককে হারিয়েছে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ আসর আমির কুটির মসজিদে রফিকুল আলমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরিশাল গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

তথ্যমন্ত্রীর কাছে বিএএসপির তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে বিজ্ঞাপন নীতিমালা সংশোধনসহ তিন দফা দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *