শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক বাক্‌প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বাজারের রমনী (৪০) নামের এক সেলুন ব্যবসায়ীর দোকানের সামনে দিয়ে এক বাক্‌প্রতিবন্ধী নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় রমনী ওই নারীর হাত ধরে টান দিয়ে সেলুনের ভেতরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেলেন। পরে রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন।
বৈঠকে রমনীর ওপর ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা রাজি না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে জিম্মায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল হাওলাদারসহ দুই থেকে তিনজন আহত হন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার সকালে ব্যবসায়ীরা প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে বাজারে অবস্থান নেন। এ সময় আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত আটজন আহত হন।
ব্যবসায়ী মো. ইমরান বলেন, ‘আমার ভাড়াটিয়া রমনী সেলুন ব্যবসায়ী। তিনি এক বাক্‌প্রতিবন্ধী নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের চেষ্টা চালান। বিষয়টি অন্য ব্যবসায়ীরা দেখে ফেলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে জুয়েল ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেলকে মারধর করেন। পরে শুক্রবার সকালে ব্যবসায়ীদের সিদ্ধান্তে সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়েল ও তাঁর ছোট ভাই জুবায়ের সভাপতি রুবেলকে ধাওয়া করেন। আমি পাশে থাকায় আমাকে মারধর করা হয়। পরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আমাকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অপরদিকে জুবায়ের বলেন, ‘বৃহস্পতিবার আমার ভাইয়ের সঙ্গে ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেলের ঝামেলা হয়েছিল। পরে উভয় পক্ষ কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। শুক্রবার সকালে দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়ার পথে লালুয়া বাজারে এসে দেখি দোকানপাট বন্ধ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হট্টগোল চলছে। দোকানপাট বন্ধ দেখে বলি, এ বিষয়ে তো গতকাল মীমাংসা হয়েছে, তাহলে দোকানপাট বন্ধ কেন? বিষয়টি জানতে আমান ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন আমার বন্ধুর বাবা কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারতে থাকেন। এ সুযোগে ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেলও আমাকে মারধর করেন। পরে ফুর্তি তালুকদার এসে আমাকে ছাড়িয়ে নেন।’
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েদ উদ্দিন হিরন বলেন, ‘পুরো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *