মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত 

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে স্বরূপকাঠি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
‎শোভাযাত্রায় নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলীয় স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
‎শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, আজকের এই বিশেষ দিনে দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করতে হবে। দলের ৩১ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত কৃষকসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
‎তিনি বলেন, গত ছয় মাসে দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
‎বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বিভিন্ন প্ররোচনায় যারা দল থেকে দূরে সরে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসতে চাইলে তাদের নিয়েও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।
‎তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
‎অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল্লাহ আল বিরুনী সৈকত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, আক্তার হোসেন রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন

হিজলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হিজলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *