শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় ওই নারীর মৃত্যুর ঘটনায় তার স্বামী রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।

নিহতের ভাই মেহেদী হাসানের অভিযোগ, পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুমি। পরে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মেহেদী হাসান জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির মরদেহ উদ্ধার করে। এ সময় রাসেল সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত ব্যাপকভাবে আলোচনায় আসে। ভিডিওটির সূত্র ধরে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে বোনকে নির্যাতন ও হত্যার অভিযোগে খিলগাঁও থানায় মামলা করেছেন। পুলিশ ময়নাতদন্ত শেষে সুমির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের বাড়িতে নেওয়া হয়। শনিবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, নির্যাতনের ঘটনার ভিডিও কে বা কারা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতনের সময় ভিডিও ধারণ করা হলেও কেন তাৎক্ষণিকভাবে সুমিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি—এ বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *