নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্বামীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্শী গ্রামের সন্তান জান্নাতুল ফেরদাউস মাওয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে তিনি মাওয়ার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে নিহতের শোকার্ত মা-বাবা ও স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, “যৌতুকের মতো সামাজিক ব্যাধির বলি হয়ে একটি সম্ভাবনাময় প্রাণ অকালে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আমরা সব ধরনের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করব।”
তিনি এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য শামীম আকবর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাসির হাওলাদার, মুশফিকুল হাসান মাসুম, ফারজানা রোজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।