শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বাবুগঞ্জে ভয়াবহ নদীভাঙন, আতঙ্কে শত শত পরিবার

আব্দুল্লাহ মামুন, বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূতেরদিয়া ও ছানিকেদারপুর গ্রামে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে।
প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গাছপালা। ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় শত শত পরিবার।
শুক্রবার (২২ জুলাই ) সরেজমিনে দেখা যায়, নদীভাঙনে গ্রামের বিভিন্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহে প্রায় ৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় প্রায় ৩৮০ পরিবারের বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে।
ভাঙনকবলিত এলাকার কাছেই রয়েছে ২২ নম্বর ছানিকেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাতুল কুরআন ফজলুল করিম মাদ্রাসা, খন্দকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও জাবে নূর জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীভাঙন অব্যাহত থাকলে এসব প্রতিষ্ঠান ও স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সমাজসেবক খলিলুর রহমান বলেন, নদীভাঙন প্রতিরোধের দাবিতে বিভিন্ন দপ্তর ও প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রাম রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
 ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাওছার হোসেন বলেন, নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি। গ্রাম ও মানুষের বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, গ্রামটি রক্ষায় ইতোমধ্যে একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে বসতবাড়ির পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও নদীগর্ভে বিলীন হতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ চান দক্ষিণ ভূতেরদিয়া ও ছানিকেদারপুর গ্রামের মানুষ।

আরো পড়ুন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *