রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল সেমিনার

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল
ইসলামকে নিয়ে ‘রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা
বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও
সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন
পরিবর্তনের শক্তি রাখে। নজরুল ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত
মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
উল্লেখ করে তিনি বলেন, তাঁদের লেখনি আমাদের জন্য আজও পাথেয় হয়ে আছে।
তাঁদের একটি লেখা যেমন একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তেমনি
একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে। তিনি আরও বলেন,
রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম তাঁদের জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে
মানবকল্যাণের দৃষ্টান্ত রেখে গেছেন। নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার
বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে। তাঁদের জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের
ভালো মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোগ-বিলাস বা অর্থের মোহের পেছনে না
ছুটে মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। জীবনে যে পেশাতেই থাকি না
কেন, ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই জীবনের সবচেয়ে বড়
সার্থকতা। একজন ভালো মানুষ যে পরিবেশেই থাকবেন, তিনি সেই পরিবেশকে
ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড.
মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের
চেয়ারম্যান ড. শারমিন আক্তার।
সেমিনারে ‘রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা’ বিষয়ে আলোচনা
করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. ভীষ্মদেব
চৌধুরী।
এছাড়া ‘নজরুল মানস ও নজরুলবিশ্বে বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন
নজরুল গবেষক ও প্রাবন্ধিক, কবি নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী
পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।
আলোচনায় বক্তারা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের
অসামান্য অবদান, তাঁদের সাহিত্যচিন্তা, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা
এবং সমকালীন সমাজে তাঁদের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ##

ছবির ক্যাপশন
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনারে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ
অতিথিবৃন্দ।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *