রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

দৌলতখানে যৌতুকের বলী গৃহবধূ: পিটিয়ে মুখমণ্ডল বিকৃত করার অভিযোগ, পলাতক স্বামী

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান প্রতিনিধি:
পিতা-মাতার ঘর থেকে কাঙ্ক্ষিত যৌতুকের টাকা এনে দিতে না পারায় এক গৃহবধূর ওপর নেমে এসেছে মধ্যযুগীয় বর্বরতা। যৌতুকলোভী স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের পিটুনিতে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে এখন হাসপাতালের বিছানায় ছটফট করছেন আছিয়া বেগম (২৫) নামে এক নারী। ভোলার দৌলতখান উপজেলায় ঘটে যাওয়া এই নৃশংসতার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​ গত ৩১ আগস্ট দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী আছিয়া বেগমের পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই স্বামী জয়নাল আবেদিন, শ্বশুর ইউনুস মিজি এবং শাশুড়ি হনুফা বেগম বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন পুনরায় মোটা অংকের টাকার দাবিতে আছিয়ার ওপর চাপ সৃষ্টি করা হয়। এতে অপারগতা প্রকাশ করলে জয়নাল ও তার মা-বাবা সংঘবদ্ধভাবে লাঠি ও ভোঁতা অস্ত্র দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

​হামলাকারীরা আছিয়ার মুখমণ্ডল লক্ষ্য করে এলাপাতাড়ি মারধর করায় তার ঠোঁট, গাল ও চোখের চারপাশ কেটে রক্তক্ষরণ হয় এবং মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়।

​হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ওরা আমাকে তিলে তিলে শেষ করছিল। ঘটনার দিন কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামী ও শ্বশুর-শাশুড়ি আমাকে হত্যার উদ্দেশ্যে মুখে ও মাথায় এলোপাতাড়ি পেটাতে থাকে। আমি বাঁচতে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। আমি এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার চাই।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জয়নাল এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। স্বজনরা জানান, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিশ-বৈঠকের নামে সময়ক্ষেপণের অপচেষ্টা চালাচ্ছে।
​এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
​স্থানীয় নারী অধিকারকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

পিরোজপুরে জমি দখলের চেষ্টা ও ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, বৃদ্ধকে মারধর ও হত্যার হুমকি

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, ৩ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *