সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল আহমেদ,  ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৃথকভাবে এ দুই সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও নেওয়া হয়। এ সময় সার্ভিস রুলস যথাযথভাবে অনুসরণ করে শৃঙ্খলা বজায় রাখা, মেসে মানসম্মত খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিল প্রদানে ন্যায্যতা নিশ্চিত এবং স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার জন্যও নির্দেশনা দেন পুলিশ সুপার।
কল্যাণ সভার শেষ পর্যায়ে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও নিয়ন্ত্রণে রাখতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা, তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মেরিন সুলতানা।
এ ছাড়া মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং, জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমন, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সদস্যদের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের উদ্যোগে বরিশালে শতাধিক বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *