মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’-এর কলাপাড়া শাখার ৭ বছর পূর্তি উপলক্ষে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান উপস্থিত থেকে অসুস্থ ও বেওয়ারিশ কুকুর-বিড়ালের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে রোগাক্রান্ত প্রাণীগুলোর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি এবং অসুস্থ পোষ্য প্রাণীকে অবহেলা না করে চিকিৎসার আওতায় আনতেই তাদের এ উদ্যোগ। সংগঠনটির এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’ কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য মাসুদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।