বরগুনা প্রতিনিধি।।
তালতলী (বরগুনা), ১০ সেপ্টেম্বর ২০২৬: জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তালতলী উপজেলার বগিরদোনা খালের জন্য জোনিং প্ল্যান (অঞ্চলভিত্তিক পরিকল্পনা) ও প্রেক্ষাপট-নির্দিষ্ট সংরক্ষণ নির্দেশিকা প্রণয়নের উদ্দেশ্যে একটি কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বগিরদোনা খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মো. আবু সিদ্দিক। সভায় উপস্থিত ছিলেন বড়বগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আনোয়ার মাওলানা, প্যানেল চেয়ারম্যান-২ আনোয়ার খান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বগিরদোনা খালের ওপর নির্ভরশীল জেলেরা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা বগিরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। খালটির বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় খালটির মৎস্য উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরামর্শ সভায় খালের সীমানা নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দক্ষিণ সওদাগরপাড়া থেকে অঙ্কুজানপাড়া বাঁধঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খালের প্রস্তাবিত সীমানা নির্ধারণ করা হয়। এছাড়া নিশানবাড়িয়া ব্রিজ এলাকায় খালে ময়লা-আবর্জনা নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে কবিরাজপাড়া পর্যন্ত সীমারেখা চিহ্নিতকরণ, মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা, ডাস্টবিন স্থাপন, অবৈধ জাল ও ফাঁদ ব্যবহার করে মাছ ধরা বন্ধ এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গ্রাম পুলিশের মাধ্যমে নিয়মিত নজরদারির সুপারিশ করা হয়।
সভায় আরও আলোচনা হয় যে, বগিরদোনা খালকে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি কার্যকর এলাকা হিসেবে গড়ে তুলতে প্রস্তাবিত OECM (Other Effective Area-Based Conservation Measures) ঘোষণার লক্ষ্যে একটি তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে বড়বগী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ভবিষ্যতেও খাল সংরক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, আরিফুজ্জামান, টেকনিক্যাল ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ), সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেন এবং অন্যান্য প্রকল্প কর্মীরা।
উল্লেখ্য, কার্যক্রমটি ফিশনেট প্রকল্পের আওতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় এবং কনসোর্টিয়াম লিড সংস্থা উত্তরণ-এর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।