নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ৯ সেপ্টেম্বর এই প্রশাসনিক অনুমোদন দেয়।
পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ রমি এ তথ্য জানান।
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কাউখালী, জিয়ানগর, নেছারাবাদ, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কাউখালী উপজেলার ২ নম্বর আমড়াজুড়ি ইউনিয়নে উপজেলা আইসিটি অফিসার মো. মেহেদী হাসান। জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নে উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক বশির আহমেদ, ২ নম্বর সোহাগদলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিলী, ৩ নম্বর স্বরূপকাঠীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, ৪ নম্বর আটঘর কুড়িয়ানায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
৫ নম্বর জলাবাড়ী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ৬ নম্বর দৈহারী ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জল কুমার দেবনাথ, ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস, ৮ নম্বর সমুদয়কাঠী ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জিহাদ হোসেন, ৯ নম্বর সুটিয়াকাঠী ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়নে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর উপজেলায় ২ নম্বর কদমতলা ইউনিয়নে পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ, ৪ নম্বর কালাখালী ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহিদুজ্জামান খান, ৫ নম্বর টোনা ইউনিয়নে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান এবং ৬ নম্বর শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন।
ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী, ৫ নম্বর ধাওয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মইনুল হাসান দায়িত্ব পেয়েছেন।
নাজিরপুর উপজেলায় ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মনজুর এলাহী, ২ নম্বর মালিখালী ইউনিয়নে উপজেলা আইসিটি অফিসার লিডাম পল বালা, ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নে সদরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মেহেদি হাসান এবং ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান মিল্টন দায়িত্ব পেয়েছেন।
মঠবাড়িয়া উপজেলায় ১ নম্বর তুষখালী ইউনিয়নে সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, ৩ নম্বর মিরুখালী ইউনিয়নে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইব্রাহিম খান, ৭ নম্বর বেতমোড় রাজপাড়া ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ৯ নম্বর সাপলেজা ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম এবং ১০ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা মেনে নিয়োগের তারিখ থেকে এসব প্রশাসক ও সদস্যরা এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। তবে প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে সময়মতো নির্বাচন করা সম্ভব না হলে, সময় বাড়ানোর কারণ উল্লেখ করে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।