নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে মারধর করে বাজারের খুঁটির সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকার পর শনিবার সকালে ওই যুবকের শিশুসন্তান ঘটনাস্থলে গিয়ে তাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয়। এ সময় শিশুটির সাথে চা ও রুটিও ছিল। ঘটনাটি ঘটে উপজেলার বামরাইল বাজারে।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার নামে ওই যুবক জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়। রাতভর সেখানে আটকে থাকায় অনিক দুর্বল হয়ে পড়েন বলে জানা গেছে।
শনিবার সকালে বাবার এমন অবস্থার খবর পেয়ে তার ছোট্ট শিশুসন্তান ঘটনাস্থলে ছুটে আসে। সাথে করে নিয়ে আসে চা ও রুটি। পরে খুঁটিতে হাত বাঁধা বাবার পাশে দাঁড়িয়ে নিজের হাতে তাকে রুটি খাইয়ে দেয় শিশুটি। এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে খুঁটিতে হাত বাঁধা অবস্থায় অনিকের পাশে শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে শিশুটি বাবাকে রুটি খাওয়ায়। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে চুরির অভিযোগের সত্যতা যাচাই এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে কাউকে খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগেরও নিন্দা জানান অনেকে।
পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে ছেড়ে দেন। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’ ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।