মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

ঘর থেকেই দুর্যোগ প্রস্তুতির আহ্বানে পচাকোড়ালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত

বরগুনা প্রতিনিধি ||

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৩ অক্টোবর ২০২৬, বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। সুন্দরবন কোয়ালিশনের এলএলডিআরআর প্রকল্পের আওতায় সিবিডিপির আয়োজনে র‍্যালি, দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া ও আলোচনা সভায় স্থানীয় জনগণ, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

সকালে চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পচাকোড়ালিয়া ইউনিয়ন ভলান্টিয়ার পুলের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি ও করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতি তুলে ধরে আগাম প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

 

এরপর মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রুহুল আমিন মুন্সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মিরাজ।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন মুন্সি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা ও সময়মতো প্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। এ জন্য তিনি সবাইকে আগে থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদ এলাকার মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাকির হোসেন মিরাজ উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে সিবিডিপির কাজের কথা তুলে ধরেন। তিনি প্রতিটি পরিবারকে নিজ ঘর থেকেই দুর্যোগের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, পরিবারের সদস্যদের সচেতনতা ও প্রস্তুতি একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার ভিত্তি।

সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হোসেন দুর্যোগের আগে নিজেদের প্রস্তুত রাখা এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি এটিকে সবার নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সেলফ হেল্প গ্রুপ, ইউনিয়ন ভলান্টিয়ার পুল, স্কুল হাইজিন ও দুর্যোগ টাস্কফোর্স এবং সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

 

সেলফ হেল্প গ্রুপের প্রতিনিধি সঞ্চিতা রানী জানান, এমন অনুষ্ঠানে এটিই তাঁর প্রথম বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্ত অথচ আন্তরিক বক্তব্যে তিনি বলেন, “আমরা ঘর থেকেই দুর্যোগের প্রস্তুতি শুরু করবো, আজ আমি এই আশাই ব্যক্ত করছি।” তাঁর এই অঙ্গীকারে দিবসের প্রতিপাদ্যকে পারিবারিক জীবনে চর্চার আকাঙ্ক্ষা ফুটে ওঠে।

ইউনিয়ন ভলান্টিয়ার পুলের সদস্য নাজমুল হাসান ও আরিফ ভূঁইয়া দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের বক্তব্যে মানুষের প্রয়োজনে এগিয়ে আসা এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার উঠে আসে।

 

দিবসের প্রতিপাদ্য এবং সুন্দরবন কোয়ালিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সুন্দরবন কোয়ালিশন, সিবিডিপির প্রোগ্রাম ফোকাল মো. রিয়াজুল ইসলাম। মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন কোয়ালিশন, সিবিডিপির প্রজেক্ট অফিসার আমিরুল ইসলাম।

 

আয়োজনটি সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য স্থানীয় জনগণ, মাদ্রাসা কর্তৃপক্ষ, অতিথিবৃন্দ, বিভিন্ন দলের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সিবিডিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

দুর্যোগের প্রস্তুতি হোক প্রতিটি পরিবারের দৈনন্দিন চর্চার অংশ। ঘর থেকে শুরু হওয়া সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, দুর্যোগ সহনশীল সমাজ।

আরো পড়ুন

পিরোজপুর মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক-১ 

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রলি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *