বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

১৫ হাজার টাকা জরিমানার কয়েক ঘণ্টার মধ্যেই কৃষি কর্মকর্তার উপর হামলা  

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করার কয়েক ঘণ্টার মধ্যে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬)।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
‎
‎অভিযানে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি এবং পাঁচ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎ভুক্তভোগী বিপুল কুমার মল্লিকের লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযান শেষ হওয়ার পর বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ব্যক্তিগত কাজে দীঘিরজান বাজারে যান তিনি। এ সময় বাবুল মোল্লা তার পথ আটকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই কর্মকর্তা।
‎
‎পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, আগে পাওয়া অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গেও অসদাচরণ করেন। পরে অভিযানস্থল থেকে চলে আসার পর ওই ব্যক্তি উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর হামলা চালিয়েছেন বলে তিনি জানতে পারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, অভিযান শেষে কৃষি বিভাগের একজন কর্মকর্তাকে মারধরের ঘটনা তিনি শুনেছেন। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *