বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গর্ভবতী নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

‎জাকির ফরাজীঃ সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযোগ রয়েছে, হামলার সময় ওই নারী ও তাঁর স্বামীর কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং নারীকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর গর্ভপাত হয় এবং তাঁর সাত মাসের সন্তানটি মারা যায়।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকা থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৮, বরিশালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎গ্রেপ্তার সোহাগ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মো. ফোরকান সিকদারের ছেলে। এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।
‎
‎মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে মোছা. তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়।
‎
‎এজাহারের বিবরণ অনুযায়ী, হামলায় আহত গর্ভবতী তানিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তান হারান। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
‎
‎এ ঘটনায় দায়ের করা মামলার পর থেকে প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি-৮।
‎
‎গ্রেপ্তারের পর সোহাগকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *