বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

ফজলে রাব্বি, বরিশাল : বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন কলেজের অধ্যক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই বিদ্যাপীঠ থেকেই আগামীর কর্ণধার তৈরি হবে। বিশ্বমঞ্চে বাংলার পতাকাকে তুলে ধরবে আমাদের এই শিক্ষার্থীরা। এই দুই বছর তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগালেই তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান।”
তিনি আরও বলেন, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যক্ষ প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। তিনি কলেজে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীনিবাস স্থাপন এবং কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থা চালুসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতির সহাবস্থান ও পারস্পরিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, “ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতির যেরকম সৌভাগ্যপূর্ণ সম্পর্ক এই কলেজে রয়েছে, সেটা বাংলাদেশের অন্য ক্যাম্পাসগুলোতে বিরল।”
তিনি কলেজের স্বার্থে সব ছাত্রসংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্য বজায় রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলমসহ উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানান। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পরামর্শ দেন।
নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কলেজের মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *