বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আমতলীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, উদ্বিগ্ন জনসাধারণ

আবু জিহাদ, আমতলী  প্রতিনিধি  বরগুনার আমতলী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ বাড়ছে। শহরের সড়ক, অলিগলি, খাবারের দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরের উপস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ও মানবিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। এতে স্বাভাবিক চলাচলে ভোগান্তির পাশাপাশি কুকুরের কামড় ও জলাতঙ্কের ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, অতীতে বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে নির্দেশনা থাকলেও বর্তমানে তাতে পরিবর্তন এসেছে।
 পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, কুকুরের উপদ্রব বৃদ্ধির বিষয়টি তাঁরা অবগত আছেন, প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় বর্তমানে নিধন কার্যক্রম স্থগিত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহের সীমাবদ্ধতার কথাও জানান তিনি।
প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী, আইনে নির্ধারিত কারণ ছাড়া মালিক বিহীন প্রাণী নিধন বা অপসারণে বিধি নিষেধ রয়েছে। এদিকে, ২০২৬ সালের ২১ জুন বেওয়ারিশ কুকুর ব্যবস্থাপনা-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে, হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কুকুরের বন্ধ্যাকরণ ও টিকাদান কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন।
এ প্রেক্ষাপটে আমতলীতেও পরিকল্পিত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরছেন সচেতন নাগরিকেরা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হিমেল পাল বলেন, কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। আক্রান্ত স্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে জলাতঙ্কের র‍্যাবিস টিকা নিতে হবে এবং  চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সচেতন নাগরিকদের মতে, কুকুর নিধনের পরিবর্তে নিয়মিত বন্ধ্যাকরণ, জলাতঙ্কের টিকাদান, জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য পৌরসভা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। নাগরিক নিরাপত্তা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *