আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো. জুলফিকার আলী হায়দার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা); আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান; বরগুনার সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. তারিকুল ইসলাম মাসুদ এবং আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু,
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ মৃধা, আমতলী চ্যানেলের সভাপতি মো. সাইফুল্লাহ নাসির, আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম নাসির মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মাতুব্বর।
এ ছাড়া সুশাসনের জন্য নাগরিক—সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আবু জিহাদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব, আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব, আমতলী বকুল নেছা মহিলা কলেজের ইংরেজি প্রভাষক, মানবাধিকার কর্মী, বানী রানী সরকার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,
বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত, আমতলী থানার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ বা সংশয় রয়েছে কি না, সে বিষয়ে আলোচনা হয়। উৎসব চলাকালে যেকোনো সমস্যা দ্রুত প্রশাসন ও পুলিশের নজরে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে আমতলীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।