বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

বরিশালের বর্জ্য থেকে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে ফিনল্যান্ডের প্রকৌশল ও বায়োটেকনোলজিভিত্তিক প্রতিষ্ঠান আর্সিপ্লাগ ওআইয়ের (Arciplug Oy) সঙ্গে যৌথ আলোচনা সভা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরীর বর্জ্য কার্যকর উপায়ে পুনর্ব্যবহার এবং তা থেকে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের শহীদ মিনার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নগরীর প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহারের কার্যকর পদ্ধতি এবং বর্জ্য থেকে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন এবং পরিবেশদূষণ কমানোর সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আর্সিপ্লাগ ওআই বায়োটেকনোলজি ও প্রকৌশল প্রযুক্তি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির বিশেষায়িত প্রযুক্তির মধ্যে রয়েছে ‘ড্রাই অ্যানারোবিক ডাইজেশন’ বা শুষ্ক পদ্ধতিতে জৈব বর্জ্য পচনপ্রক্রিয়া এবং বায়োগ্যাস উৎপাদন প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমে জৈব বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং জ্বালানি উৎপাদনের সুযোগ রয়েছে।

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে এ আলোচনা ভবিষ্যতে কোনো কার্যকর উদ্যোগে রূপ নেয় কি না, তা এখন দেখার বিষয়। এ ক্ষেত্রে প্রযুক্তির উপযোগিতা, বাস্তবায়ন ব্যয় এবং পরিবেশগত সুবিধা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।

 

আরো পড়ুন

জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোড় দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *