মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সহায়-সম্বলহীন ৮০ বছর বয়সী বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদারের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিম বাদুরতলী এলাকার ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা।
জানা গেছে, আয়েজ উদ্দিন তালুকদার একসময় কলাপাড়া পৌরশহরের রাস্তার পাশের ফুটপাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি কর্মহীন। নেই আয়ের কোনো উৎস কিংবা দেখভাল করার মতো সক্ষম স্বজন। এমন পরিস্থিতিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য ছিল না তাঁর।
বিষয়টি জানতে পেরে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রেহান উদদীন রেহান, সদস্য আরিফ শিকদার, এ কে আজাদ ও মো. আলমগীর হোসেনসহ অন্যরা।
এ বিষয়ে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আসলাম শিকদার বলেন, লোকমুখে তাঁরা জানতে পারেন, কলাপাড়া হাসপাতালে একজন অসহায় বৃদ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ফুটপাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে কর্মহীন অবস্থায় তাঁর আয়ের কোনো উৎস নেই। প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও নেই। বিষয়টি জানার পর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মিলে তাঁর ওষুধের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছি। ভবিষ্যতেও তাঁর ওষুধের প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। শুধু এই বৃদ্ধই নন, অসহায় ও দুস্থ মানুষের পাশে আমরা সব সময় থাকতে চাই। এটি উপজেলা প্রেসক্লাবের সামাজিক কর্মকাণ্ডের একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।