নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে দিনব্যাপী রুকনপ্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণমুখী জীবনব্যবস্থার বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান ও বিস্তৃত করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীকে দায়িত্বশীল, সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনেও ইসলামের আদর্শের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, ইসলামী সমাজ বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে। আগামী দিনের ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতের নেতা-কর্মীদের যোগ্য, দক্ষ, সৎ, সাহসী ও আদর্শিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক পরিচয় ধারণ করলেই চলবে না; বরং জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। এ জন্য নিয়মিত অধ্যয়ন, আত্মগঠন, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, রুকনপ্রার্থীদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শ ও কর্মপদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও আদর্শ সমাজের সামনে তুলে ধরতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি দক্ষিণ থানা আমীর তারিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান, কাউনিয়া থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ মহানগর ও বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।