জাকির ফরাজী: সন্তানের জীবনে মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সেই চিরচেনা মমতাময়ী আশ্রয় হারালেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। তাঁর মা গতকাল রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
(৯ অক্টোবর )সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। প্রিয়জনের শেষ বিদায়ে উপস্থিত অনেকের চোখেই ছিল শোকের ছাপ। জানাজা শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জেলা ছাত্রদল সভাপতির মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পিরোজপুর জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, সন্তানের জীবনে মায়ের স্নেহ, ভালোবাসা ও অবদানের কোনো বিকল্প নেই। এই কঠিন সময়ে তাঁরা সালাউদ্দিন তালুকদার কুমার ও তাঁর পরিবারের পাশে রয়েছেন। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামী বুধবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।