আযাদ আলাউদ্দীন : ১২ নভেম্বর। বাংলাদেশপন্থী রাজনীতির প্রাণ পুরুষ¡ বিডি হাবিবুল্লাহ’র ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে তিনি বরিশালে ইন্তেকাল করেন। তাঁর বড় ছেলে আমানউল্লাহ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক। বিডি হাবিবুল্লাহ ১০ আগস্ট, ১৯০৮, সোমবার; পটুয়াখালীর লোহালিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা: আবদুল মজিদ অজিউল্লাহ। বিডি হাবিবুল্লাহর স্কুল জীবন শুরু হয় পটুয়াখালি শহরে। ১৯২৫ সালে পটুয়াখালি লতিফ স্কুল থেকে ম্যাট্টিক পাশ করেন। ১৯২৭ সালে বিএম কলেজ, বরিশাল থেকে আইএ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৩৯ সালে আইন শিক্ষায় বিএল ডিগ্রি লাভ করেন।
১৯৪১ সালে তিনি পাট নিয়ন্ত্রণ বিভাগে প্রোপাগান্ডা অফিসার পদে চাকরিতে যোগদান করেন। ১৯৪২ সালের মে মাসে তিনি চাকরিতে ইস্তফা দেন। কর্মকালে গুরু দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গে। শেরেবাংলা এ কে ফজলুল হকের বিশ্বস্ত সহযোদ্ধা বিডি হাবিবুল্লাহ ১৯৪২ সালের ৯ সেপ্টেম্বর বরিশাল বারে যোগদান করেন। বরিশাল বারের প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হন ১৯৬৮ সালে। ১৯৪২-১৯৮২ সময়কালে প্রায় চার দশক ওকালতি পেশায় তাঁর কোনো অবসর ছিলোনা বললেই চলে। ধনসম্পদ ও বিত্তবৈভের মোহ ছিলো না বলে সঞ্চয়ও হয়নি। গরিব ও খেটে খাওয়া মানুষের মামলা তিনি অর্থগ্রহণ ছাড়াই মুভ করতেন। কৃষক ও দরিদ্র শ্রেণি ছিলো তাঁর অতি আপনজন। এরাই ছিলো তাঁর মক্কেল। বরিশাল আদালতে আইনসেবার রোলমডেল স্থাপক বিডি হাবিবুল্লাহ।
কর্মবীরেরা কাজের মধ্যে বেঁচে থাকেন যুগযুগান্তর। কর্মসাধক বদরুদ্দোজা হাবিবুল্লাহ শুভকাজের কীর্তিতে আজও বেঁচে আছেন। বিডি হাবিবুল্লাহরা জাতীয় গৌরবের ভাগীদার। ১৯৪২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি বরিশাল পটুয়াখালি জেলার প্রায় সমস্ত স্কুলেই শিক্ষার অগ্রগতির জন্য দিকনির্দেশনা সম্বলিত বক্তৃতা উপস্থাপনা করেন। একই সময়ে তিনি শিক্ষার বিকাশে অর্থ সংগ্রহে সাহায্য করেন। বরিশাল আইন কলেজ, নাইট কলেজ, মহিলা কলেজ, বরিশাল কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, পটুয়াখালী কলেজ স্থাপনের পেছনে এই বাকসম্রাটের অনেক অবদান রয়েছে । ১৯৭৩ সালে তিনি স্থাপন করেন বরিশাল স্কুল অব অরেটরী। শিক্ষাপ্রতিষ্ঠান শুধু স্থাপনই নয়, শিক্ষাকে যুগোপযোগী ও সময়োপযোগীকরণের কাজও করেন। শিশু শিক্ষাকে আনন্দময় করতেও কার্যকর ভূমিকা রাখেন। বিদ্যা বিতরণ ছিলো তাঁর জীবনের ভিশন ও মিশন। ১৯৩৪ এবং ১৯৩৫ সালে তিনি আমতলী এ কে পাইলট হাইস্কুল এবং কুতুবদিয়ার নব প্রতিষ্ঠিত হাইস্কুলে নামমাত্র বেতনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
১৯৩৬ সালে শেরেবাংলা গঠন করেন কৃষক প্রজা পার্টি (কেপিপি)। ফজলুল হক ছিলেন সভাপতি। বরিশালে কৃষক প্রজা পার্টি সবচেয়ে বেশি শক্তিশালী ছিলো। বিডি হাবিবুল্লাহ ছিলেন তদানীন্তন বাকেরগঞ্জ জেলার শীর্ষ নেতা। তিনি কৃষক প্রজা পার্টির উদ্দেশ্য বাস্তবায়নে বরিশালের বিভিন্ন এলাকায় কর্মতৎপরতা জোরালো করেন। এ সময় তিনি পূর্ণ গণতান্ত্রিক স্বায়ত্বশাসন, সাম্প্রদায়িকতা নির্মুল, বিদ্বেষ-বিভেদ দূরীকরণ, জমিদার প্রথার অবসান, পাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ, শিল্প কলকারখানা প্রতিষ্ঠা, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, ঋণগ্রস্ত কৃষকদের মুক্তি, জনগণের করের বোঝা লাঘব, ভূমি আইনের পরিবর্তন, খাজনা হ্রাস, নজর ও সেলামি বন্ধ, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ, মহাজনদের বেআইনি অর্থ আদায় বন্ধ এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে পরিপূর্ণ আত্মনিয়োগ করেন। সর্বোপরি সাম্রাজ্যবাদী শাসনের পরিসমাপ্তি ও ব্রিটিশ হঠাও আন্দোলনে সম্পৃক্ত করেন নিজেকে। তাঁর সব আন্দোলন, সংগ্রাম ও প্রচেষ্টার মূলে রয়েছে স্বাধীনতা লড়াই এবং ইংরেজ উৎখাত করে সাম্রাজ্যবাদী শাসন উপড়ে ফেলা। শেরেবাংলা একে ফজলুল হক বলেতেন: “বাঙলাকে বাঁচিয়ে রাখতে হলে বাঙলার মুসলমানকে আগে বাঁচাতে হবে। মুসলমানকে বাঁচাবার জন্য মুসলিম লিগ ও কৃষক-প্রজা সমিতি দুটোকেই বাঁচাতে হবে।” শেরেবাংলা ১৯৩৭ সালের বঙ্গীয় প্রাদেশিক আইনসভার নির্বাচনী প্রচার শুরু করেন বরিশাল শহর থেকে। এ কে ফজলুল হকের পক্ষে দিবারাত্রি প্রচারাভিযান চালান বিডি হাবিবুল্লাহ। কৃষক প্রজা পার্টির ইতিহাসে ‘সোনার হরফে লেখা একটি নাম’ বিডি হাবিবুল্লাহ।
গবেষক রুসেলি রহমান চৌধুরী জানান: “১৯৭০ সালের নির্বাচনে প্রার্থী থাকা সত্ত্বেও যখন পটুয়াখালী মির্জাগঞ্জ প্রভৃতি এলাকায় মারাত্মক প্লাবণের কারণে, কচুরিপানা মতো মানুষের লাশ ভাসতে লাগল, সেই মর্মান্তিক দৃশ্য দেখে বাকসম্রাট নির্বাচন অভিযান পরিত্যাগ করে আর্তের সেবায় আত্মনিয়োগ করলেন। তখন থেকে বাকসম্রাট আর রাজনীতির অঙ্গনে প্রবেশ করেননি। তিনি বলেন ‘খুনাখুনি, লুটপাট, রাহাজানি আর সন্ত্রাসবাদী রাজনীতি শুধু দানব প্রকৃতি লোকদের পক্ষেই সম্ভব।” তিনি আরও দেখিয়েছেন, ১৯২২ সালে অষ্টম শ্রেণির ছাত্র থাকা সময় থেকে জীবনের শেষদিন পর্যন্ত বিডি হাবিবুল্লাহ মানব সেবা করেছেন। চলেছে রোগীর সেবা, মৃতের দাফন-কাফন, সৎকার। প্লাবনে, ঝড় ঝঞ্ঝায় অথবা অগ্নিদাহে অথবা যে কোনো কারণে সর্বহারা মানুষের সেবা বাকসম্রাটের জীবনে সবচাইতে জরুরি ছিলো। ১৯৩০ সালে গলাচিপায় রুছমত আলি খান, মহিউদ্দিন আহাম্মদ প্রমুখকে নিয়ে সাতদিন অনশন করে নিশি বাবু ডাক্তার, ডা. আবদুল লতিফ মোল্লা এবং কালামুন্সির সহায়তায় বরগুনা দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করেন।
১৯৪১ সালের শেষ দিকে ভোলার দৌলতখানঁ এলাকায় প্লাবন পীড়িত দুর্গত মানুষের মধ্যে তিনি সরকারি সাহায্য বিতরণ করেন। আইনপেশা, রাজনীতি, কৃষ্টি, কর্মক্ষেত্র সর্বত্রই তিনি মানুষের উপকারার্থে নিজেকে নিয়োজিত করেছেন। ভাগ্যবিড়ম্বিত, রুগ্ন, পীড়িত, বঞ্চিত, নিগৃহীত, আর্তের সেবায় সর্বদা কাজ করতেন। বরিশাল বিভাগ স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, সাইক্লোন, প্লাবন, হারিকেন, টাইফুন, ঝড়-তুফান যেন আমাদের নিত্যসঙ্গী। সকল প্রতিকূল পরিবেশেই তিনি বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেন। ১৯৭০ সালের দক্ষিণাঞ্চলে ঝড়-ঝঞ্জায় সর্বহারা মানুষের কল্যাণে কাজ করেন। হাজি মুহাম্মাদ মুহসিনের পরে দানবীর অভিধা তাঁর ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য। মহান দানবীর বিডি হাবিবুল্লাহ।
উনিশ ও বিশ শতকে বাংলাদেশের প্রধান সমস্যা ছিলো জমিদারি প্রথা। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কালো আইনে অক্টোপাসের মতো জাতির ঘাড়ে ঝেঁকে বসেছিল জমিদারি মসনদ। তাঁরা শুধু ভিটেমাটির শেষ সম্বলটুকুই কেড়ে নেয়নি, মনুষ্যত্ববোধ ও মানবিকতাও ধ্বংস করে দিয়েছিল। প্রজার মৌলিক অধিকারও কেড়ে নেয়। বাকেরগঞ্জের বিভিন্ন জমিদারিতেও ছিলো একই চরিত্র। তবে সর্বাধিক নিবর্তনমূলক দূরাবস্থা ছিলো কলসকাঠি মুখোপাধ্যায় জমিদারিতে। বিডি হাবিবুল্লাহ’র সুনীতি ছিলো একটাই : “লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার।” শেরেবাংলা এ কে ফজলুল হক, কবি মোজাম্মেল হক এবং বিডি হাবিবুল্লাহ জমিদারি উচ্ছেদের ডাক দেন। পরবর্তীকালে পাকিস্তানের মুসলিম লিগ সরকারের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন আমলে ১৯৫১ সালে জমিদারি প্রথা চিরতরে নির্মুলের আইন কার্যকর করেন। কলকাতার অভিজাত শ্রেণি, উঠতি পূঁজিপতিগোষ্ঠী, কংগ্রেস দল, দলের নেতা ও পার্লামেন্টারিয়ানরা ছিলো জমিদারি প্রথার পক্ষে।
বাকসম্রাট ১৯৩৮ সালে পটুয়াখালি মহাকুমা কল্যাণ সমিতি স্থাপন করেন। সাম্প্রদায়িকতা-দাঙ্গা-সংঘাত নিরসন ও প্রতিরোধকল্পে বিডি হাবিবুল্লাহ’র নেতৃত্বে পটুয়াখালিতে প্রতিষ্ঠিত হয় যুব সংগঠন। এ সংগঠনের নাম ছিলো ‘মোহামেডান ইয়ংম্যান এসোসিয়েশন’। পারস্পরিক সমতা আনয়ন, বিভিন্ন ধর্ম-বর্ণ ও শ্রেণির মধ্যে উদারতা, ন্যায়বোধ, শ্রদ্ধাবোধ সৃষ্টিতে কাজ করে এ সংগঠন। ১৯২১ সালে স্বরাজ ও খেলাফত আন্দোলনে স্বেচ্ছাসেবক হিসেবেই রাজনৈতিক জীবন শুরু। ১৯৩০ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিন কৃষক-শ্রমিক পার্টিতে যুক্ত ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে বাকসম্রাট শেরেবাংলার সঙ্গে সারা পূর্ব পাকিস্তান সফর করেন এবং পূর্ব পাকিস্তান আইন পরিষদে পটুয়াখালী থেকে এমএলএ নির্বাচিত হন। পার্লামেন্টে তিনি তেজস্বী ভাষায় জনগণের দাবি-দাওয়া উত্থাপন করেন। তাঁর অনুজ মি. লকিতুল্লাহও আইনসভার সদস্য নির্বাচিত হন।
বরিশালে নাটক রচনার পথিকৃৎ বিডি হাবিবুল্লাহ। নাট্য রচনায় তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন। সাহিত্যের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলম ধরেন শক্ত হাতে। অবিভক্ত বাংলায় পল্লীভাষায় তিনিই প্রথম রচনা করেন ‘পল্লী মঙ্গল’ নাটক। ১৯৪১ সালে এটি প্রকাশিত হয়। তিনি ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা। মূলত কৃষক সমাজকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করণের জন্য রচিত হয় ‘পল্লীমঙ্গল’ নাটক। ১৯৫০ সালে সাম্প্রদায়িক দাঙ্গার বিষবহ্নি নির্বাপণ করতে লিখেন নাটক ‘মিলন-চুক্তি। অপ্রকাশিত নাটকের মধ্যে রয়েছে বিশ্বশান্তির ওপর অমিত্রাক্ষর ছন্দে লেখা কাব্য নাটক ‘মহামিলন এবং নাটক ‘ইনসানিয়াত’। সুশাসন, সুনীতি, সুবচন, সুরীতি, সুসংস্কৃতির বিকাশ সাধনাই ছিলো তাঁর নাট্যাকৃতির বৈশিষ্ট্য।
বিডি হাবিবুল্লাহ ধর্ম, রাজনীতি, সমাজবীক্ষণ, সমাজসংস্কার, জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ-বিগ্রহ নিরসন, মানবতার ঐক্য ও সংহতির সুরক্ষা বিষয়ক গ্রন্থাদি রচনায় সুবিখ্যাত। ১৯৪৯ সালে ভন্ডপীরের সর্বনাশা শোষণ বন্ধ করতে রচিত হয় ‘হেদায়েতি ব্লাক মার্কেট। তাদের কাফেরি ফতোয়া সম্বলিত ১০ খানা গ্রন্থের প্রতিবাদে ১৯৫০ সালে তিনি লেখেন ‘দুরমুজ কেতাব’। ১৯৫৮ সালে রচনা করেন শ্লেষপূর্ণ পুস্তক ‘এই কি প্রগতি?’ এ গ্রন্থ তাঁকে বিশেষ মর্যাদা দান করে। এটি একটি রাজনৈতিক গ্রন্থ। সমকালীন রাজনীতির নানা সঙ্গ-অনুসঙ্গের অবতারণা ও চুলচেরা বিশ্লেষণ আলোচ্য গ্রন্থের বৈশিষ্ট্য। এ্যাডলফ হিটলার এবং সাদ্দাম হোসাইন শীর্ষক জীবনীগ্রন্থ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। বাক সম্রাট বি. ডি. হাবিবুল্লার বক্তৃতা শীর্ষক গ্রন্থ প্রকাশ করে বরিশাল মুনশী প্রেস এন্ড পাবলিকেশন্স।
পণ্ডিত রুসেলি রহমান চৌধুরী লিখেছেন: “বাকসম্রাটের কাব্য সাধনা চলছে ১৯৩৩ সাল থেকে। তারমধ্যে প্রকাশিত হয়েছে শুধুমাত্র সুরা আর রহমানের পুরোপুরী কাব্যানুবাদ। আরবির পাশাপাশি তাঁর আবৃত্তি রমজানের রাতে, বাংলাদেশ রেডিওর সৌজন্যে বাক সম্রাটের কণ্ঠেই শোনা যায়। বাকসম্রাট একজন সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পীও বটে।” ১৯৬১ সালে এ কে ফজলুল হকের জীবন ও কর্ম অবলম্বনে লিখেন ‘শেরেবাংলা’। ১৯৬৫ সালে শ্রী অশ্বিনীকুমারের জীবনী ‘যুগস্রষ্টা অশ্বিনী কুমার’ শীর্ষক কিতাব প্রকাশ করেন। বিশ্বশান্তি বিষয়ে তিনি ১৯৭৯ সালে রচনা করেন ঞযব ঈড়সরহম উড়ড়স। তাঁর সাহিত্যসত্তা, দার্শনিক প্রজ্ঞা ও চিন্তার বিস্তৃতি নির্দিষ্ট ভূগোল বা গোষ্ঠীতে আবদ্ধ নয়। সার্বজনীন। বিশ্বজনীন।
কবিতা ও গল্পরচনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর মেলে। অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দর্পণ (১৯৬১), বিশ্বকবি নজরুল, গল্প সম্ভার, মিথ্যার মনুমেন্ট প্রভৃতি। ১৯৫৪ সালের এমএলএ নির্বাচনে তাঁর রচিত নির্বাচনি গান সারাবাংলার গ্রাম-গঞ্জে আলোড়ন সৃষ্টির মাধ্যমে যুক্তফ্রন্টের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে। ‘দর্পণ’ যুব সমাজের প্রেরণদানকারী পুস্তক। দক্ষিণ এশিয়ার কিংবদন্তি রাষ্ট্রনেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রথম জীবনীকার বদরুদ্দোজা হাবিবুল্লাহ। শেরেবাংলা এ গ্রন্থ সম্পর্কে ৯ ডিসেম্বর ১৯৬১ তারিখে লিখেন: “আমার চির অনুগত, চির অনুরক্ত, ভক্ত, পরম স্নেহাস্পদ বিডি হাবিবুল্লাহ কর্ত্তৃক সর্বপ্রথম আমার জীবনী লেখার এ প্রচেষ্টাকে আমি আনন্দে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তার প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করুন।”
তথ্যসূত্র
১. রুসেলি রহমান চৌধুরী: ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, মোহাম্মদপুর ঢাকা, ২০০৬
২. মনিরুজ্জামান শাহীন: ব্রিটিশ বিরোধী আন্দোলনে বরিশাল ১৯২০-১৯৪৭, সুবর্না, বাংলাবাজার ঢাকা, দ্বিতীয় মুদ্রণ, জানুয়ারি ২০১৭
৩. অধ্যাপক মো: মোসলেম উদ্দীন সিকদার: শের-ই-বাংলা জীবন ও কর্ম, এপিএল, কাঁটাবন ঢাকা, ফেব্রুয়ারি ২০২৫
৪. সিরাজ উদদীন আহমেদ: শেরে বাংলা এ কে ফজলুল হক, ভাস্কর প্রকাশনী, ঢাকা-বরিশাল, অক্টোবর ২০১৪
৫. ভবেশ রায়: শেরেবাংলা এ কে ফজলুল হক, পান্ডুলিপি, বাংলাবাজার ঢাকা, জানুয়ারি ২০১০
৬. সিরাজ উদদীন আহমেদ: বরিশাল বিভাগের ইতিহাস, ভাস্কর প্রকাশনী, ঢাকা-বরিশাল, জুলাই ২০০৩
৭. সিকদার আবুল বাশার: পটুয়াখালী জেলার ইতিহাস, আনন্দধারা, বাংলাবাজার ঢাকা, ২০১১
৮. কামরুদ্দীন আহমদ: বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ, অখণ্ড সংস্করণ, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার ঢাকা, দ্বিতীয় সংস্করণ ২০০৬
৯. মুক্তিবিশ্বকোষ উইকিপিডিয়া ও বরিশাল পিডিয়া।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।