বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পিরোজপুরে নকল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর শহরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে হাসিব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে কেয়ার ফাস্ট ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে ফার্মেসিতে গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত গ্যাভিসল সিরাপের নকল পণ্য পাওয়া যায়। এ ছাড়া যৌন উত্তেজক ওষুধ ও সিরাপের বৈধ কোম্পানিগত কাগজপত্র এবং ফার্মেসির ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। তাঁরা লাইসেন্সের আবেদনের একটি কপি দেখালেও অনুমোদিত লাইসেন্স উপস্থাপন করতে পারেননি।

এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির কোনো সুযোগ নেই। একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে ফার্মেসি সিলগালাসহ আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, অননুমোদিত ও মানহীন ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

“জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক প্রশাসন”- ডিসি গোলাম রব্বানী”

ফরিদ আহমেদ নেছারাবাদ প্রতিনিধি : জনগণের ভোগান্তি হ্রাস এবং স্থানীয় নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুততম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *