নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় বাংলাদেশি সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিশিষ্ট নবজাতক ও শিশু-কিশোর বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক, লেখক ও গবেষক বেগম ফয়জুন নাহার শেলী, সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আকতার উদ্দিন আহমেদ, বরিশাল মহানগর জাসাসের আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিন এবং মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও গবেষক, শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া, পটুয়াখালী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.এম. আবুল হাসান, শেকড় সাহিত্য সংসদের সহসভাপতি কবি আল হাফিজ।
স্মরণসভায় প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না।
বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তরা বলেন, মেজর জলিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। পাঠ্যপুস্তকে মেজর এম এ জলিলের রচনাবলী ও জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান আলোচকরা।
উল্লেখ্য, মেজর এম এ জলিল মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর জীবন, মুক্তিযুদ্ধে অবদান ও রাজনৈতিক-সামাজিক ভূমিকা স্মরণে এ সভার আয়োজন করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।