বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোরস্থান ও শ্মশানঃ এক দেয়ালে দুই আঙিনার গল্প

কমল সেনগুপ্ত, ঠাকুরগাঁও থেকে ফিরে :
‘কবর দাও বা চিতায় পোড়াও মরলে সবাই মাটি…
দু’দিনের এই ভবে এসে, মানুষকে যাও ভালোবেসে
মানুষকে যে ভালোবাসে সেই তো আসল খাঁটি।’

মরমী গানের এই শাশ্বত বাণী যেন বাস্তব রূপ নিয়ে ধরা দিয়েছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে। জীবনের সব ব্যস্ততা, প্রাপ্তি আর কোলাহল যেখানে এসে চিরতরে থেমে যায়, সেই শেষ ঠিকানাতেও যে ভালোবাসা আর সম্প্রীতির এক অবিচ্ছেদ্য গল্প রচিত হতে পারে, তার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে এই শহর। শহরের বুক চিরে বয়ে চলা বহমান টাঙ্গন নদীর তীরে গোরস্থান মোড় সংলগ্ন এলাকায় কেবল একটি দেয়ালের ব্যবধানে পাশাপাশি অবস্থান করছে কেন্দ্রীয় গোরস্থান ও কেন্দ্রীয় শ্মশান ও শ্রী শ্রী শ্মশান কালী মন্দির।

যুগ যুগ ধরে একই মাটির কোলে একপাশে চলছে মুসলিম সম্প্রদায়ের মানুষের দাফন, আর ঠিক অন্যপাশে সনাতন ধর্মাবলম্বীদের শবদাহ। একপাশে যখন স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ আর জানাজার পিনপতন নীরবতা নামে, অন্যপাশে তখন জ্বলে ওঠে চিতার আগুন, বাতাসে ভাসে ধূপ আর চন্দনের ঘ্রাণ। ধর্মীয় রীতি আলাদা, শেষ বিদায়ের ভাষা আলাদা, তবুও এই চিরনিদ্রার আঙিনায় কখনো কোনো বিভেদ বা অসহিষ্ণুতার ছায়া পড়েনি। বরং একে অপরের শোকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষ যুগ যুগ ধরে আগলে রেখেছেন অসাম্প্রদায়িক চেতনার এই বিরল ঐতিহ্য।

একসময় রাত নামলেই গোরস্থান ও শ্মশান সংলগ্ন এই সড়কটিতে নেমে আসত গা ছমছমে নির্জনতা ও ঘুটঘুটে অন্ধকার। সন্ধ্যা পেরোলেই মানুষের মনে কাজ করত একধরনের অজানা ভীতি। কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে সেই চিরচেনা দৃশ্যপট। সাম্প্রতিক বছরগুলোতে সড়ক প্রশস্তকরণ, উভয় স্থাপনার অবকাঠামোগত সংস্কার এবং আধুনিক সড়কবাতির উজ্জ্বল আলোকসজ্জায় এলাকাটি এখন অত্যন্ত নিরাপদ, নান্দনিক ও প্রাণবন্ত। রাতের আলোয় আলোকিত এই পথ ধরে চলার সময় এখন আর ভয় নয়, বরং মানুষের মনে জাগে এক পবিত্র প্রশান্তি।

শ্মশান কালী মন্দিরে দীপান্বিতা কালীপূজা কিংবা শিবরাত্রির উৎসবে যেমন সব ধর্মের মানুষের আন্তরিক সহযোগিতা থাকে, তেমনি গোরস্থানের পবিত্রতা রক্ষাতেও স্থানীয়রা সমান যত্নশীল। বহমান টাঙ্গন নদীর শীতল বাতাস যেন প্রতিদিন এই দুই আঙিনাকে একই মায়ার চাদরে জড়িয়ে রাখে। এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বলেন, ‘জীবনের সব কোলাহল থেমে মানুষ যখন অসীমের পথে পা বাড়ায়, তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন করার এই ঐতিহ্যই ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় গর্ব।’

জীবিতদের পৃথিবীতে মতের অমিল বা দূরত্ব যতই থাকুক, টাঙ্গন তীরের এই মাটি যেন নীরবে এক চিরন্তন সত্যের কথা বলে যায়। জীবনের সব ব্যস্ততা ও ছোটাছুটি ফুরিয়ে গেলে, এই মাটিই যেন কানে কানে বলে, মানুষের পরিচয় কেবল মানুষই, বিভেদ সেখানে অর্থহীন।

আরো পড়ুন

গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *