নিজস্ব প্রতিবেদক।।
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ তথা ১৮ নভেম্বর ২০২৬ বুধবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আখতারুজ্জামান ইলিয়াস লিটল ম্যাগাজিন সংগ্রহশালা’ এবং বাংলা একাডেমি প্রকাশনার ই-সেলস কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে লিটল ম্যাগাজিন বিষয়ে বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব মোঃ সেলিম রেজা। ‘বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চার ইতিবৃত্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও সম্পাদক মিজান রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন লিটল ম্যাগাজিন নিসর্গ- সম্পাদক সরকার আশরাফ, লিটল ম্যাগাজিন খেয়া ও প্রতিস্বর- সম্পাদক পুলক হাসান এবং লিটল ম্যাগাজিন সাম্প্রতিক- সম্পাদক আমিরুল বাসার। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
মোঃ সেলিম রেজা বলেন, ‘আখতারুজ্জামান ইলিয়াস লিটল ম্যাগাজিন সংগ্রহশালা’ এবং বাংলা একাডেমি প্রকাশনার ই-সেলস কার্যক্রম চালু হওয়া বাংলা একাডেমির জন্য তো বটেই, একই সঙ্গে দেশের লেখক-গবেষক-সংস্কৃতিকর্মী-
পাঠক সকলের জন্যই আনন্দের সংবাদ।
প্রবন্ধকার ড. মিজান রহমান বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপকতার কারণে লিটল ম্যাগাজিন-চর্চায় অনেকটা ভাটা পড়েছে। অধিকাংশ তরুণ লেখক সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখালেখি করার কারণে আমাদের লিটল ম্যাগাজিন-চর্চা অনেকটা মুখ থুবড়ে পড়েছে। তবে এসব সমস্যার মধ্যেও বেশ কিছু লিটল ম্যাগাজিন শিল্পের দায়বদ্ধতার জায়গাকে উঁচুতে তুলে ধরে তাদের প্রকাশনা অব্যাহত রেখেছে। লিটল ম্যাগাজিনগুলোতে চিন্তার ক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন মাত্রা, রুচিতে এসেছে সৌন্দর্যের ছাপ, বিষয়ে এসেছে নানামাত্রিক বৈচিত্র্য। তিনি বলেন, জাতির সাহিত্যধারাকে প্রাণবন্ত রাখা খুব জরুরি। তাই সাহিত্যচর্চার কেন্দ্রবিন্দু এসব লিটল ম্যগাজিন-চর্চার প্রতি আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
আলোচকবৃন্দ বলেন, লিটল ম্যাগাজিন আন্দোলন আমাদের শিল্পসাহিত্যের প্রাণশীলতার প্রতীক। লিটল ম্যাগাজিন সাহিত্যের নিরীক্ষামূলক, তারুণ্যপ্রবণ, রুচিশীল ধারাকে এগিয়ে নিয়ে যায়। বৃত্তাবদ্ধ চিন্তা-চেতনার দুর্গে আঘাত হেনে প্রকৃত লিটল ম্যাগাজিন-চর্চা আমাদের দার্শনিক ও নান্দনিকভাবে ঋদ্ধ করে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং সামগ্রিকভাবে বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টি করে। তারা বলেন, বাংলা একাডেমির ‘আখতারুজ্জামান ইলিয়াস লিটল ম্যাগাজিন সংগ্রহশালা’ আমাদের লিটল ম্যাগাজিনের ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি নতুন লিটল ম্যাগাজিন আন্দোলনের সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্নমুখী গবেষণা-খাতে যে বিপুল কর্মসূচি বাস্তবায়ন করছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের একটি সমৃদ্ধ আর্কাইভস গড়ে তুলেছি। এ কাজ আমাদের সাহিত্যের নানা পর্বের বৈচিত্র্য ও শক্তি লেখক-পাঠক-গবেষকদের কাছে স্পষ্ট করবে কারণ লিটল ম্যাগাজিন সময়ের শাণিত স্বরকেই ধারণ করে বিশ্বস্তভাবে। তিনি বলেন, একই সঙ্গে বাংলা একাডেমি প্রকাশনার ই-সেলস কার্যক্রম চালু হওয়াও একটি শুভ সংবাদ। কারণ এর মাধ্যমে একাডেমির গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ দ্রুততম সময়ে সর্বস্তরের ক্রেতা-পাঠকের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।