শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

চরফ্যাশনে ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ভিডিও ভাইরাল

চরফ্যাশন প্রতিনিধি নুর উল্লাহ আরিফ

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)-এর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি অমৃত কোম্পানির এসআর রাজিব বলে জানা গেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় দুলারহাট বাজারে অবস্থিত মেসার্স রূপালী এন্টারপ্রাইজ-এর মালিক হাজী মোহাম্মদ সেলিমের দোকানে প্রবেশ করে এসআর রাজিব হুমকিসূচক ভাষায় পাঁচ লাখ টাকা দাবি করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বিএনপি নেতাদের চাঁদা দিয়েছেন না, আবারো পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাজারের ব্যবসায়ীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রকাশ্যে এমন চাঁদাদাবির ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, “চরফ্যাশনে অমৃত কোম্পানির এসআর রাজিবের সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। অফারের আওতায় আমি প্রায় আড়াই লাখ টাকার পণ্য নেই, যার কিছু অংশ ডেমেজ হয়ে যায়। পরে গত ১০ জানুয়ারি নতুন করে ৪৭ হাজার টাকার পণ্য অর্ডার দিই। ডেমেজ পণ্যের হিসাব একসঙ্গে করতে চাইলে তিনি রাজি হননি। এরপর ১৫ জানুয়ারি সন্ধ্যায় দোকানে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দেশবাসী ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”

দুলারহাট বাজারের পার্শ্ববর্তী ব্যবসায়ী মো. ফারুকসহ একাধিক ব্যবসায়ী জানান, “সন্ধ্যার পর বাজারে প্রকাশ্যে এমন চাঁদাদাবির ঘটনায় আমরা আতঙ্কিত। এতে আমাদের ব্যবসা ও নিরাপত্তা দুটোই হুমকির মুখে পড়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে অভিযুক্ত এসআর রাজিব তার বক্তব্যে বলেন, “চাঁদা শব্দটি মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে। এ জন্য আমি সবার কাছে ক্ষমা চাই।”

ঘটনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে দুলারহাট এলাকার বিএনপি নেতা ফিরোজ হাজী বলেন, “দুলারহাট বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই। দলের নাম বা ক্ষমতা ব্যবহার করে কেউ চাঁদা দাবি করলে তাকে অবশ্যই প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।”

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *