নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ জানা গেছে, বাইশারী এলাকার বাসিন্দা বিভাস ঋষি (৪৫)-এর কাছে স্থানীয় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক (৪২) ও সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম (৩৫) চাঁদা দাবি করেন। বিভাস ঋষি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে ডালিমের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল হাতুড়ি ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী বিভাস ঋষি জানান, “গত জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন অজুহাতে আমার কাছে একাধিকবার চাঁদা দাবি করা হয়েছে এবং আমি দিয়েছি। বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বলা হলে আমরা ভোটও দিয়েছি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আবার চাঁদা চাইলে আমি দিতে অস্বীকৃতি জানাই। এরপর রফিক মল্লিক, ডালিম, টুটুল (৩০), লিটনসহ ১৫–২০ জন আমাকে মারধর করে এবং বলে আমি নাকি জামায়াতে ইসলামীর সমর্থক।”
ঘটনার সময় বিভাস ঋষি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে বিভাস ঋষির পরিবার আইনগত পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না বলে দাবি করেছেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বিরোধী রাজনৈতিক কর্মী ও নির্বাচনী এজেন্টদের মারধর এবং মিথ্যা মামলার প্রস্তুতির অভিযোগ পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে এসব ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আহত বিভাস ঋষি বলেন, বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মিয়া ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আশ্বাস দিলে তিনি থানায় আর অভিযোগ দেননি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।